এই জগতের পেছনে আরেকটা যেন জগৎ আছে। এই দৃশ্যমান আকাশ, পাখির ডাক, এ সমস্ত সংসার জীবনযাত্রা তারই ইঙ্গিত আনে মাত্র - দূর দিগন্তের বহুদূর ওপারে কোথায় যেন সে জগতটা পেঁয়াজের একটা খোসার মধ্যে যেমন আর একটা খোসা, সেটাও তেমনি এই আকাশ, বাতাস, সংসারের আবরণে কোথাও যেন ঢাকা আছে, কোন জীবন পারের মনের পারের দেশে।

স্থির সন্ধ্যায় নির্জনে একা কোথাও বসিয়া ভাবলেই এই জগতটা একটু একটু নজরে আসে। সেই জগতটার সঙ্গে যোগ-সেতু প্রথম স্থাপিত হয় তার বাল্যে - দিদি যখন মারা যায়। তারপর অনিল - মা - অপর্ণা - সর্বশেষে লীলা। দুস্তর অশ্রুর পারাবার সারা জীবন ধরিয়া পাড়ি দিয়া আসিয়া আজ যেন বহুদূরে সে দেশের তালিবান রেখা অস্পষ্ট নজরে আসে ।
--- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
x
